জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তার মতে, নতুন প্রজন্ম যে পুলিশ আশা করে, সেই পুলিশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজেন।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করেন তিনি।
আইজিপি বলেন, ‘২০২০-২১ সালে করোনার কারণে এবং তার পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পুলিশ সপ্তাহ সঠিকভাবে উদ্যাপন করা যায়নি। নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদ্যাপন করা হবে। পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সপ্তাহ পুলিশকে আরও সুশৃঙ্খল এবং জনবান্ধব করবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের নির্দেশনা দেন। নতুন প্রজন্ম যে পুলিশ আশা করে, সেই পুলিশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’
আলী হোসেন ফকির বলেন, ‘আমরা একটি আধুনিক জনবান্ধব প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ফাঁড়ি তারই ধারাবাহিকতার একটি অংশ। বিশ্বাস করি জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কোনোভাবে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহযোগিতা করুন, তথ্য দিন এবং নিরাপদ সমাজ গঠনে অংশগ্রহণ করুন।’