টানা চার দিনের অনিশ্চয়তা আর চরম নাটকীয়তার পর শুক্রবার (৮ মে) বিকেলে চেন্নাইয়ে সুপারস্টার বিজয়ের বাড়ির সামনে সমর্থকদের ‘টিভিকে, টিভিকে' গগনবিদারী স্লোগান শোনা যায়।
সূত্রের খবর অনুযায়ী, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সেই ম্যাজিক ফিগার বা কাঙ্ক্ষিত আসন সংখ্যা শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন বিজয়।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিজয় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের চূড়ান্ত দাবি জানাবেন।
এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগাম অভাবনীয় সাফল্য পায়। নিজেদের প্রথম নির্বাচনেই ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি জিতে তারা রাজ্যের রাজনীতিতে দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও নিখিল ভারত আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) দীর্ঘ ৬২ বছরের আধিপত্য চুরমার করে দেয়।
তবে জয়ের সেই আনন্দ খুব দ্রুতই ম্লান হয়ে যায়, যখন রাজ্যপাল আরলেকার স্পষ্ট জানিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না।
বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে দুটি বৈঠক হলেও রাজ্যপাল তার সিদ্ধান্তে অনড় ছিলেন।
বৃহস্পতিবার তিনি বিজয়কে সরাসরি বলেন, ১১৮ জন বিধায়কের সমর্থন ছাড়া তিনি ১১২ জন বিধায়ক নিয়ে সরকার চালাতে পারবেন না। রাজ্যপাল ১১৮ জন নির্বাচিত বিধায়কের সমর্থনের চিঠি দাবি করেন।
বিজয়ের ঝুলিতে আছেন ১০৭ জন বিধায়ক (নিজে বাদে)। ১১৮ ছুঁতে তার আরও ১১টি আসন প্রয়োজন (যেহেতু তিনি ত্রিচি-পূর্ব এবং পেরাম্বুর এই দুই আসন থেকেই জিতেছেন, তাই শপথের আগে একটি আসন তাকে ছাড়তে হবে)।
এরই মধ্যে তিনি কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন পান (যা ডিএমকের সঙ্গে কংগ্রেসের দীর্ঘদিনের জোটে ফাটল ধরায়)।
এরপর তিনি ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) এবং বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট) বা সিপিআইএম ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) সঙ্গে আলোচনা শুরু করেন।
ভিসিকে এবং বাম দলগুলো মূলত বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে জোটের অংশ ছিল।
বিকল্প পথে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ডিএমকের সঙ্গেই ছিল, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে জোট গড়ার গুঞ্জনও উঠেছিল; যাকে অনেকেই ‘অশুভ আঁতাত’ বলে উপহাস করেন।
কিন্তু শুক্রবার বিকেলে সব গুঞ্জন ছাপিয়ে খবর আসে, ভিসিকে এবং বাম দলগুলো শেষ পর্যন্ত বিজয়কেই বেছে নিয়েছে। তাদের হাতে ঠিক ততটি আসনই আছে, যা বিজয়ের প্রয়োজন। ভিসিকের ২ এবং বামদের ৪ (সিপিআইএম ও সিপিআই), অর্থাৎ মোট ৬টি আসন।