গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ৪৯৪ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনায় ১ ও সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামে ১ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২১২ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একইসঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৪৯০ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।