বুধবার (৬ মে) রাতে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি প্রথমে চন্দ্রনাথ রথের গাড়ির পথরোধ করে। এরপর মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।
তদন্ত সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ১০টার দিকে মধ্যমগ্রামের দোলতলা এলাকায় ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে থাকা হামলাকারীরা আগে থেকেই চন্দ্রনাথ রথের গাড়িকে অনুসরণ করছিল। পরে ভুয়া নম্বরপ্লেটযুক্ত গাড়িটি চন্দ্রনাথের গাড়িকে মাঝরাস্তায় থামতে বাধ্য করে।
পরে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গাড়ির জানালা লক্ষ্য করে পরপর চারটি গুলি চালায়। হামলার পর ভুয়া নম্বরপ্লেট লাগানো গাড়িটি ফেলে রেখে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
হাসপাতালের এক চিকিৎসক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বুকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ রথকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একটি গুলি তার হৃদপিণ্ডে লাগে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
তথ্যসূত্র: এনডিটিভি