ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাকিস্তান সফরে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার কোনো ‘পরিকল্পনা নেই’।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
আজিজি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কেবল ‘দ্বিপক্ষীয় সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে অবস্থান করছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এই কমান্ডার আরও বলেন, পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত আলোচনা ইরানের জন্য অন্যতম কঠোর ‘অনতিক্রম্য সীমা’।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, যেকোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে এটি অন্তর্ভুক্ত থাকতে হবে।
ইসলামাবাদে এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার বৈঠকে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ দেখা দেয়, তার একটি ছিল তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক ভবিষ্যৎ। বাকি দুটির মধ্যে ছিল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা।
পাকিস্তানের জোর তৎপরতায় অনেক নাটকীয়তা শেষে আজ ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে দুই পক্ষ। বৈঠকে অংশ নিতে গতকাল ইসলামাবাদ পৌঁছান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার।
এই দফায় বিবদমান দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।