আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, স্থানীয় নির্বাচন পরবর্তী পার্লামেন্টের অধিবেশনে ইরানের এই অভিজাত বাহিনী নিষিদ্ধে প্রয়োজনীয় আইন আনবেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) লন্ডনের পত্রিকা জুয়িশ ক্রনিকলের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বিষয়টি জানান।
আইআরজিসিকে নিষিদ্ধ করতে যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর কয়েক মাসের চাপের মুখে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
স্টারমার জানান, ইরান সরকারের প্রক্সি বা ছায়াবাহিনী ব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে তিনি ‘বেশ উদ্বিগ্ন’।
‘ক্ষতিকর রাষ্ট্রীয় অপশক্তিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাদের নতুন আইনের প্রয়োজন, যা আমরা যত দ্রুত সম্ভব নিয়ে আসছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন অধিবেশন শুরু হলেই আমরা সেই আইন উত্থাপন করব,‘ যোগ করেন প্রধানমন্ত্রী।
আগামী মে মাসে রাজার ভাষণে এই আইন অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান স্টারমার।
গত মাসে দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে যুক্তরাজ্যের সাবেক গোয়েন্দাপ্রধানেরা বিপ্লবী গার্ডকে নিষিদ্ধের বিষয়ে দেশটির সরকারের ‘অব্যাহত দ্বিধার’ সমালোচনা করে বলেছিলেন, এটি ব্রিটেনকে ‘কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ’ করে তুলছে।
স্টারমারের পদক্ষেপের বিষয়ে শুক্রবার যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ‘ইউরোপ থেকে শুরু করে কানাডা ও উপসাগরীয় দেশগুলোর মতো আমাদের মিত্ররা এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। কিন্তু যুক্তরাজ্য পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আইন আনলে আমরা তা দ্রুত পাসের জন্য পূর্ণ সমর্থন দেব। আর কোনো দ্বিধা বা বিলম্বের অজুহাত থাকতে পারে না।’