যুক্তরাষ্ট্র ও ইরানকে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ডন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সঙ্গে এদিন বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের কার্যকর উপায় হিসেবে সংলাপ ও কূটনীতির ওপর পাকিস্তানের নিরন্তর গুরুত্বারোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি রক্ষা ও সংলাপ ত্বরান্বিত করার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটালি বেকার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি রয়েছে এমন আঞ্চলিক দেশগুলোতে হামলা চালায় ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় বিবদমান দুই পক্ষ। আগামীকাল বুধবার এই যুদ্ধবিরতির সময় শেষ হতে যাচ্ছে।