যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে লেবাননের যুদ্ধবিরতি চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক ফিরাস মাকসাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে লেবানন যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর যুদ্ধবিরতির অংশ কি না, এ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।
ইরান, লেবানন ও পাকিস্তানের দাবি ছিল, এটি একই চুক্তির অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে আসছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনএনের কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে মাকসাদ বলেন, ‘এই দুটি যুদ্ধবিরতি চুক্তি আলাদা হলেও সমান্তরাল। নিশ্চিতভাবেই একটির অগ্রগতি থমকে গেলে অন্যটির ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে।’
ইউরেশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সতর্ক করে বলেন, ‘ইসলামাবাদে দু’পক্ষের আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি আরও নাজুক পরিস্থিতিতে পড়বে বলে আমি মনে করি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আবারও যুদ্ধ শুরু করতে চাইছেন’ বলে মনে করেন মাকসাদ।
তিনি বলেন, ‘নেতানিয়াহু তার নিজের মন্ত্রিসভার সদস্যদের ব্যাপক চাপের মুখে আছেন। এই মন্ত্রীরা মনে করেন, লেবাননে তাদের লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি।’