পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বসার কথা ছিল ইরানের। কিন্তু এদিন দুপুর পর্যন্ত ইরানের প্রতিনিধি দলের কেউই ইসলামাবাদ পৌঁছায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্লামেন্টের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তেহরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানো হয়নি। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার উপ-পররাষ্ট্রমন্ত্রী—সবাই দেশেই অবস্থান করছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে, কারিগরি বা অন্য কোনো বিশেষ দলের অংশ হিসেবেও কেউ ইসলামাবাদে যাননি।
ফলে এই শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর আগে স্থায়ী শান্তির লক্ষ্যে ১২ এপ্রিল ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। তবে টানা ২১ ঘণ্টার সেই বৈঠক শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।