ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ইসরায়েলের ‘ভুল হিসাব এবং উসকানিতে পড়েই’ যুক্তরাষ্ট্র চলমান সংঘাতে জড়িয়ে পড়েছে।
মিসরের সংবাদপত্র আল-মাসরি আল-ইউমকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।
ইসমাইল বাগাই বলেন, ‘বিশ্বের কেউ এখন আর মার্কিন কূটনীতিকে বিশ্বাস করে না। তারা কূটনীতি ও আলোচনাকে কেবল নিজেদের দাবি চাপিয়ে দেওয়া অথবা শক্তি প্রয়োগের অজুহাত হিসেবে ব্যবহার করে।’
সাক্ষাৎকারে ইরানি এই কর্মকর্তা দাবি করেন, তাদের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন। চলমান যুদ্ধের কারণে তিনি জনসম্মুখে আসছেন না বলে জানান তিনি।
বাগাইয়ের মতে, ইরানের জনগণ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা কূটনীতিতে জড়াতে প্রস্তুত নয়। কারণ হিসেবে তিনি বলেন, ওয়াশিংটন আগের আলোচনাগুলোকে কেবল তাদের শর্ত চাপিয়ে দেওয়া এবং শক্তি ব্যবহারের পথ হিসেবে কাজে লাগিয়েছিল।
গত এক মাসে যুক্তরাষ্ট্রের চালানো নৃশংসতার উদাহরণ দিতে গিয়ে ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে হামলার কথা উল্লেখ করেন তিনি। ওই হামলায় ১৬৮ স্কুলছাত্রীসহ ১৭৫ জন প্রাণ হারান।
তথ্যসূত্র: আল জাজিরা