গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। যদিও সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি, তার আগেই আরেকটি আন্তর্জাতিক সিরিজে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা, জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি লড়াইয়ে।
বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৩, ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে প্রতিটি খেলা।
২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর। একই সঙ্গে ভবিষ্যৎ সূচিও নির্ধারিত হয়েছে; ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে জিম্বাবুয়ে। ২০০২ সালের পর সেটিই হবে তাদের প্রথম ভারত সফর। সবশেষ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সুপার এইটের ম্যাচে ২৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারায় ভারত।
এই সিরিজকে ঘিরে বেশ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের মাটিতে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য যাচাই করার দারুণ সুযোগ।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপে আমাদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজ আমাদের জন্য গতি ধরে রাখার ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে এগিয়ে যাওয়ার একটি শক্ত ভিত্তি তৈরি করবে।’
দুই দশকের বেশি সময় পর ভারতের মাটিতে ফেরার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। মাকোনির ভাষায়, ‘দুই দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া জিম্বাবুয়ের জন্য একটি মাইলফলক মুহূর্ত। বিশ্ব ক্রিকেটে ভারত অন্যতম শীর্ষ গন্তব্য, তাই এই সফর আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ।’
‘আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উচ্চমানের ক্রিকেট দেখার অপেক্ষায় আছি। একই সঙ্গে বিশ্বাস করি, এই সিরিজ দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।’