ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় অর্ধেকের বেশি লক্ষ্য অর্জিত হয়েছে বলে সোমবার (৩০ মার্চ) মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটি কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
নেতানিয়াহু মার্কিন কনজারভেটিভ সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান তার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করেছেন। তবে তিনি তার মন্তব্যে যুদ্ধের সমাপ্তির কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমি বলতে চাইছি, এখানে অর্ধেক বলতে কাজের অগ্রগতি বোঝাচ্ছি, সময় অনুযায়ী নয়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে যুদ্ধ শুরু করেছেন। তিনি আগে বলেছিলেন, এই অভিযান চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেন, যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। এই সংঘাতের বিরুদ্ধে মার্কিন জনগণ ব্যাপক বিরোধিতা করছেন। যুদ্ধের ফলে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।
নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘হাজারো’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শিল্প ও অস্ত্র উৎপাদনকে প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু ও ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে। যদিও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি। এ ছাড়া গত বছর হামলায় গুরুত্বপূর্ণ স্থান ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার কথা বলার পরও এই দাবি করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ইরানের শাসনব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। তবে এই মুহূর্তে আমরা যা করছি তা হলো, তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা ধবংস করা এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেওয়া।’
ইরানি কর্তৃপক্ষ বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পরেই এই যুদ্ধ শুরু হয়।