ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করলেন তিনি।
লুবাবা জানান, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’
অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনে নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।
দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।