চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধের পক্ষে স্রষ্টার নাম ব্যবহার বা ধর্মীয় অজুহাত দেওয়ার কঠোর সমালোচনা করেছেন পোপ চতুর্দশ লিও। তিনি বলেছেন, ‘যারা যুদ্ধ করে, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’
রোববার (২৯ মার্চ) পোপ হিসেবে নিজের প্রথম হলি উইক বা পবিত্র সপ্তাহের শুরুতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
পোপের এই বক্তব্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অবস্থানের ঠিক বিপরীত, যিনি সম্প্রতি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে ইরানে সামরিক অভিযানের পক্ষে স্রষ্টার সমর্থনের কথা বলেছিলেন।
সেন্ট পিটার্স স্কয়ারে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম এই পোপ স্পষ্ট করে বলেন, ঈশ্বর ‘যুদ্ধ ঘৃণা করেন’ এবং ‘যুদ্ধকে বৈধতা দিতে কেউ স্রষ্টার নাম ব্যবহার করতে পারে না।’
এ সময় তিনি ইতালির বিশপ প্রয়াত আন্তোনিও (তোনিনো) বেলোর উদ্ধৃতি দেন, যিনি ১৯৯০-৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের কট্টর সমালোচক ও শান্তি আন্দোলনের কর্মী ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যে পোপ চতুর্দশ লিওর প্রথম ইস্টার ও পবিত্র সপ্তাহ পালিত হচ্ছে।
ভ্যাটিকানে যুদ্ধের প্রভাব
পাম সানডে পালনের মাধ্যমে পবিত্র সপ্তাহের শুরু হয়, যা ইস্টারের দিকে নিয়ে যায়। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশু খ্রিষ্টের জেরুজালেমে প্রবেশের স্মৃতি স্মরণে এই দিন পালিত হয়।
সেন্ট পিটার্স স্কয়ারে প্রথাগত শোভাযাত্রার মাধ্যমে এই গণপ্রার্থনা শুরু হয়। তবে যুদ্ধের কারণে এ বছর জেরুজালেমের ঐতিহ্যবাহী পাম সানডে শোভাযাত্রা বাতিল করা হয়েছে, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ অংশ নেন।
জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজাবাল্লা এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধের কারণে এ বছর আমরা জেরুজালেমে প্রথাগত আধ্যাত্মিক যাত্রা পালন করতে পারছি না।’
তথ্যসূত্র: সিএনএন