যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাদের হামলায় ‘আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত’ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের নেতৃত্ব অনেক দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি তার।
হোয়াইট হাউসে শুক্রবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এসব দাবি করেন।
হেগসেথ সাংবাদিকদের বলেন, ‘ইরানের নেতৃত্বের অবস্থা মোটেও ভালো নয়। তারা এখন দিশেহারা হয়ে ইঁদুরের মতো আত্মগোপন করে আছে।’
তিনি বলেন, ‘আমরা জানি, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে।’
গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মোজতবা খামেনির প্রথম বার্তার সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
হেগসেথ বলেন, ‘গতকাল তিনি (মোজতবা খামেনি) একটি বিবৃতি দিয়েছেন, যা আসলে বেশ দুর্বল। সেই বার্তায় কোনো অডিও বা ভিডিও ছিল না। ইরানের কাছে তো প্রচুর ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার রয়েছে। তাহলে কেন শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হলো? আমি মনে করি, এর কারণ আপনারা ভালোভাবেই জানেন। তার বাবা (আয়াতুল্লাহ আলী খামেনি) মৃত। তিনি নিজে এখন ভীত, আহত এবং পালিয়ে বেড়াচ্ছেন। তার কোনো বৈধতা নেই। তাদের (ইরানিদের) জন্য পরিস্থিতি এখন চরম বিশৃঙ্খল।’
তথ্যসূত্র: সিএনএন