রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে দেশেই এই অস্ত্রোপচার করা হয়।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ারে ভর্তি করা হয়।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে শারীরিক পরিস্থিতির জটিলতা বিবেচনায় নিয়ে এদিন বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অস্ত্রোপচার শেষে বর্তমানে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার শারীরিক অবস্থার বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। সেখানে তিনি দায়িত্বরত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ ও অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।