ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, ‘বিমানটিতে থাকা ছয় ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
পোস্টে সেন্টকম স্পষ্ট করে বলেছে, ‘বিমানটি কোনো শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর ভুলবশত ছোড়া গোলার আঘাতে বিধ্বস্ত হয়নি। ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি ট্যাংকার বিমান উপস্থিত ছিল।’
নিহতদের নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
গতকাল সন্ধ্যায় সেন্টকম জানিয়েছিল, কেসি-১৩৫ মডেলের একটি রিফুয়েলিং বিমান ‘নিরাপদ আকাশসীমায়’ বিধ্বস্ত হয়েছে।