দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। শনিবার (২৭ জুন) সকালে এক বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ২৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এ ছাড়া বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে সবশেষ গত ২৫ জুন সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮২ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম, যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪০ দফা ও এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে চার হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৭৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা। সেই সঙ্গে বাজুস বলেছে, রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।