বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় রোববার (২৯ মার্চ) দেশের সব ফিলিং স্টেশনে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারদের বিস্তারিত কর্মপরিধি প্রকাশ করেছে। এর আগে চলমান বৈশ্বিক পরিস্থিতি ও দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের যথাযথ তদারকি ও সমন্বয় নিশ্চিত করতে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুত রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল পরিমাপ করে গ্রহণ করা, পে-অর্ডার ও ডিপো চালান/রিসিটের সঙ্গে মিলিয়ে তেলের পরিমাণ যাচাই করা। এ ছাড়া ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং পর্যবেক্ষণ, বিক্রয়ের সঙ্গে মিলানো এবং দিনের শেষে সমাপনী মজুত পর্যালোচনা করাও তাদের দায়িত্বের অংশ।
কর্মপরিধিতে আরও অন্তর্ভুক্ত রয়েছে—ফিলিং স্টেশনের অনুমোদিত মজুত ক্ষমতা ও বিদ্যমান মজুত যাচাই, আশপাশে অননুমোদিত ট্যাংক বা স্থাপনা পরীক্ষা, ডিপো থেকে পাম্প ও পাম্প থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার স্টক আপডেট বাধ্যতামূলক করা। এ ছাড়া বিক্রয় প্রক্রিয়া, ক্যাশ মেমো প্রদান, ডিসপ্লে বোর্ডের উপস্থিতি, সারি ব্যবস্থাপনা ও অবৈধ বিক্রির বিষয়েও তারা নিয়মিত রিপোর্ট দেবেন।
ট্যাগ অফিসাররা ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া তারা পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিকভাবে রেকর্ড করা হচ্ছে কি না এবং বিক্রয় প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি আছে কি না, তা তদারকি করবেন।
এই পদক্ষেপ দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সঠিক হিসাবরক্ষণ ও গ্রাহক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।