ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন একটি বিনামূল্যের ভেরিফিকেশন সুবিধা চালু করেছে মেটা। এতে ভিডিও সেলফির মাধ্যমে ব্যবহারকারী প্রমাণ করতে পারবেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সত্যিই তার নিজের এবং তিনি নিজেই সেটি পরিচালনা করছেন।
যাচাই প্রক্রিয়া সফল হলে ব্যবহারকারীর প্রোফাইলে যুক্ত হবে ‘ভেরিফায়েড ব্যাজ’। এ সুবিধা পেতে কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
মেটার পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার ফলে ভুয়া ছবি, নকল প্রোফাইল ও প্রতারণামূলক বার্তা তৈরি করা আগের চেয়ে সহজ হয়েছে। এ পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করা ও ফেসবুকে নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং, বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
যেভাবে ভিডিও সেলফির মাধ্যমে যাচাই করবেন
ফেসবুক অ্যাপ থেকে প্রথমে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্টস সেন্টার’ নির্বাচন করে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যেতে হবে। সেখানে ‘ভেরিফিকেশন সেলফি’ নির্বাচন করতে হবে।
এরপর পর্দায় দেওয়া নির্দেশনা অনুসরণ করে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করে জমা দিতে হবে। ফেসবুক তখন ভিডিও সেলফির সঙ্গে ব্যবহারকারীর প্রোফাইলে থাকা ছবিগুলোর মিল যাচাই করবে।
ভিডিও সেলফি ধারণের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। মুখ স্পষ্টভাবে দেখা যায় এমন জায়গায় পর্যাপ্ত আলোতে ভিডিও করতে হবে। এ সময় মাস্ক, সানগ্লাস বা কোনো ক্যামেরা ফিল্টার ব্যবহার করা যাবে না। পাশাপাশি ফেসবুকের নির্দেশনা অনুযায়ী মাথা ও মুখ নড়াচড়া করতে হবে।
মেটার তথ্য অনুযায়ী, পুরো যাচাই প্রক্রিয়া শেষ হতে সাধারণত কয়েক মিনিট সময় লাগতে পারে।
কারা ভেরিফায়েড ব্যাজ পাবেন
অ্যাকাউন্টে ‘ভেরিফিকেশন সেলফি’ অপশন দেখা গেলেই যে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে, তা নয়। এ জন্য ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। এ ছাড়া প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যক্রমের সঙ্গে অ্যাকাউন্টটির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ থাকা যাবে না।
সবার জন্য কি সুবিধাটি চালু হয়েছে?
মেটা জানায়, নতুন এই সুবিধা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে। ফলে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘ভেরিফিকেশন সেলফি’ অপশন দেখা গেলেও অন্য কারও অ্যাকাউন্টে একই সময়ে এটি নাও পাওয়া যেতে পারে।
প্রাথমিকভাবে সাধারণ ফেসবুক প্রোফাইলের জন্য এ সুবিধা চালু করা হচ্ছে। পেজ বা প্রফেশনাল মোড চালু থাকা প্রোফাইলের ক্ষেত্রে এটি আপাতত প্রযোজ্য নয় বলে জানিয়েছে মেটা।
ভেরিফায়েড ব্যাজ থাকলেই কি নিরাপদ
ভেরিফায়েড ব্যাজ থাকার অর্থ এই নয় যে ওই ব্যবহারকারীর সব তথ্য সত্য, তার বক্তব্য নির্ভুল বা তার সঙ্গে অনলাইন লেনদেন সম্পূর্ণ নিরাপদ। ব্যাজটি মূলত নিশ্চিত করে যে সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন সত্যিকারের ব্যক্তি পরিচালনা করছেন।
তাই কোনো অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ থাকলেও অনলাইনে আর্থিক লেনদেন, ব্যক্তিগত তথ্য শেয়ার বা অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।