দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশ এবং ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সাব্বির হাসান নাসিরের দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক রিটেইল খাতের সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
তাঁর নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের রিটেইল চেইন শপ স্বপ্ন দেশজুড়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। পাশাপাশি ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।’
এ অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার ও ক্রেতাদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
নিজের কর্মজীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে সাব্বির হাসান নাসির জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সিইও। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তাঁকে নেতৃত্বের ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করতে শিখিয়েছে।
তিনি বলেন, স্বপ্নের লক্ষ্য কেবল একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনেও ভূমিকা রাখা। এ লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকের জীবনমান উন্নয়ন এবং সমাজে উপেক্ষিত মানুষের সম্ভাবনা বিকাশে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
নেতৃত্বের মূল্যবোধ তুলে ধরে তিনি বলেন, ‘সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কমিয়ে না দেয় এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে।’
বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতেও মূল্যবোধ ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।