তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়েও আলোচনা করা হয়।
মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা, তৃতীয় গ্রেডে ১৬ হাজার ৯৯৬ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৭ হাজার ৮৮৭ টাকা এবং প্রথম গ্রেডে ১৮ হাজার ৮২৮ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
অন্যদিকে, শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ২২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ২৭ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৩০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৩৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। দুই পক্ষের এটি তৃতীয় দফার প্রস্তাব।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিপরীতে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
মজুরি বোর্ডের এই আলোচনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যকার ব্যবধান কতটা কমানো সম্ভব হবে এবং শেষ পর্যন্ত কত টাকা নির্ধারিত হবে দেশের তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি।