রাজধানীর মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি-৪।
সংস্থাটি জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার সেকশন-১২ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর বাহিনীর অস্ত্রধারী সদস্য অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শেখ ওসমান গনি সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৪-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলো ব্যবহার করে পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো। গ্রুপের সদস্যরা আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেন এবং সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন। এ ছাড়া অস্ত্রগুলো ভাড়ায় বিভিন্ন অপরাধীর কাছে সরবরাহ করা হতো বলেও তথ্য পাওয়া গেছে।
সোহাগের বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ পাঁচটি মামলা থাকার প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি।
অন্যদিকে, সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রূপনগর থানার শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালানো হয়। এসআরবি-৪ জানায়, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিতে ফোর স্টার গ্রুপের সাত থেকে আটজন সদস্য জড়ো হয়েছেন—এমন গোপন তথ্য পাওয়া যায়। অভিযানের সময় দলটি ছত্রভঙ্গ হয়ে গেলে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।
তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪। সংস্থাটির দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত।
এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রনি ব্যাপারীর বিরুদ্ধে পল্লবীসহ বিভিন্ন থানায় ডাকাতি ও মারামারিসহ চারটি মামলা রয়েছে। আরেক আসামি মো. রনি মিরপুরের ফোর স্টার গ্রুপের সদস্য বোমা কাল্লুর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে সংস্থাটি। হাসিবের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রয়েছে।
সব মিলিয়ে দুই অভিযানে ছয়জনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে এসআরবি-৪।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।