এভারটনের মাঠে কঠিন লড়াই শেষে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সোমবার দিবাগত রাতে স্বাগতিক এভারটনকে ০-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে গেছে রেড ডেভিলরা।
এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথমার্ধে বলের দখল নিজেদের কাছেই রাখে ম্যানচেস্টার। তবে আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার। স্বাগতিকরাও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যতে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।
বিরতির পর ম্যাচে গতি ফিরে। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এ সময় তুলনামূলক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে এভারটন। কিন্তু সব পরিকল্পনায় ছেদ পড়ে ম্যাচের ৭১ মিনিটে। বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন সেস্কো।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় এভারটন, অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ খোঁজে ক্যারিকের দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। প্রথম দেখায় ১-০ ব্যবধানে হারার প্রতিশোধ এভাবেই সুদে-আসলে তুলে নিল ইউনাইটেড।
২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন। অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।