এবার জোটে নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
সারজিস আরও বলেন, 'জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে তারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরাও এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবং পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি মনে হয় ১১ দলীয় জোট একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছি।'
সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনের জন্য এনসিপি প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে জানিয়ে তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি খুব দ্রুতই বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করবে। সাক্ষাৎকারের মধ্য দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রত্যেক সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই।'