চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় ঘন্টার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। অজি দলে নেমে এসেছে চরম হতাশা। দলের অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ‘খেলোয়াড়রা ভেঙে পড়েছে এবং হতাশায় বিধ্বস্ত প্রায়।’
গতকাল পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ১৮ ওভারে জিতে যায় বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠা এখন অন্য দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে।
অস্ট্রেলিয়ার পরের ম্যাচ দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে। যাদের সঙ্গে বড় ব্যবধানে জিতলেও নিশ্চিত হওয়া যাবে না। অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে আছে জিম্বাবুয়ের হারের ওপর। তারা যদি আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারে এবং তখন নেট রান রেটের লড়াইয়ে এগিয়ে থাকতে পারে অস্ট্রেলিয়া। বর্তমানে জিম্বাবুয়ের নেট রানরেট ভালো।
গতকাল ৮ উইকেটের হারের পর অস্ট্রেরিয়ার অধিনায়ক মার্শ বলেন, ‘ড্রেসিংরুমে এখন ভীষণ আবেগঘন মুহূর্ত চলছে। দলটা ভেঙে পড়েছে। আমরা সেরা খেলাটা খেলতে পারিনি। এখন সবকিছুই ভাগ্যের হাতে।’
এদিকে আজ বিকেল সাড়ে তিনটা আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এই ম্যাচে জিম্বাবুয়ে জিতে গেলে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে উঠে যাবে তারা। আর বিদায় ঘন্টা বেজে যাবে অজিদের। যে কারণে এই ম্যাচে নজর থাকবে তাদের।
‘বি’ গ্রুপ থেকে তিন খেলায় শতভাগ জয়ে ৬ পয়েণ্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। টেবিলের দুইয়ে থাকা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারানোর পর ওমানকে হারিয়েছে ৮ উইকেট এবং ৩৯ বল হাতে রেখে। স্বাভাবিকভাবেই নেট রানরেটে এগিয়ে ৪ পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ে। তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়া তিন ম্যাচ খেলে সংগ্রহ ২ পয়েন্ট।