গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি অদ্য মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন। পরে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ৪৯ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন।
দীর্ঘ ১৭ বছর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।