ফুলহামের বিপক্ষে দাপুটে জয়ে স্বস্তি মিললেও নতুন দুশ্চিন্তায় পড়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে জিতলেও ম্যাচের মাঝপথে আর্লিং হলান্ড নিজেই বদলির ইঙ্গিত দেন। পরে কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেন, নরওয়ের এই স্ট্রাইকার অস্বস্তি অনুভব করছিলেন।
প্রিমিয়ার লিগের ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন হলান্ড। ২০২৬ সালে প্রিমিয়ার লিগে ওপেন প্লে থেকে এটি ছিল তার প্রথম গোল। তবে ফুলহাম ডিফেন্ডার ইয়োয়াকিম অ্যান্ডারসনের শক্ত ট্যাকলের পর বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘হলান্ড কিছুটা অস্বস্তি বোধ করছিল, তাই তার সিদ্ধান্তেই বদলি করা হয়েছে। মেডিকেল দলের সঙ্গে এখনও কথা বলিনি। ঠিক কী হয়েছে জানি না, হয়তো ক্লান্তি বা অন্য কিছু। সে বলেছে, ‘আমি স্বস্তি পাচ্ছি না।’
সম্ভাব্য কারণ নিয়ে প্রশ্ন করা হলে সিটির কোচ ইঙ্গিত দেন টানা ম্যাচের চাপের দিকে। ক্লাব বিশ্বকাপের কারণে গত জুনেই মৌসুম শুরু হওয়ায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়েছে বলে মনে করেন তিনি। উদাহরণ হিসেবে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোটের কথাও টানেন গার্দিওলা।
ফুলহামের বিপক্ষে এই জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে এনেছে সিটি। তবে শিরোপা দৌড়ে এমন গুরুত্বপূর্ণ সময়ে হলান্ডের ফিটনেসই এখন গার্দিওলার দলের বড় চিন্তার কারণ।