দারুণ ফর্মে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান আবারও ইতিহাস গড়েছেন। মেজর লিগ সকারের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড করেছেন তিনি।
রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন কাভান। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল এবং ক্যারিয়ারে ৩৪তম ম্যাচে পাওয়া তৃতীয় গোল।
কাভানের বয়স এখন ১৬ বছর ৩৩৬ দিন। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করা তৃতীয় ফুটবলার তিনি।
২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে আমেরিকার শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল কাভানের। এরপর চলতি মৌসুমে প্রথম গোল ও অ্যাসিস্টের দেখা পান তিনি। এবার ধারাবাহিক পারফরম্যান্সে নতুন রেকর্ডও গড়লেন এই তরুণ।
ফিলাডেলফিয়ার হয়ে বাকি গোল দুটি করেন মিলান ইলোস্কি ও নীল পিয়েরে। রেড বুলসের হয়ে একটি গোল শোধ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।