দুর্নীতির অভিযোগে তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
এমন পরিস্থিতিতে ইমরান খানের বর্তমান স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান ও তার সতীর্থ রমিজ রাজা। স্কাই স্পোর্টসের ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে তিনি জানান, সম্প্রতি ইমরান খানের চোখে সমস্যা দেখা দিয়েছিল। তবে চিকিৎসার পর তা সামাল দেওয়া হয়েছে। রমিজ রাজা বলেন, ‘তিনি এখন সম্পূর্ণ নিঃসঙ্গ বা আইসোলেশনে আছেন। তার অসংখ্য ভক্ত রয়েছে, কিন্তু চরম বাস্তব হলো মানুষটি তিন বছর ধরে বন্দি। সময়টা তার জন্য অত্যন্ত কঠিন।’
তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগেই তাঁর চোখে সমস্যা দেখা দিয়েছিল, তবে সেটা সামাল দেওয়া হয়েছে। এছাড়া তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি, তার মানসিক শক্তি ও ধৈর্য কতটা দৃঢ়।’
এদিকে ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন বিশ্বের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, সুনীল গাভাস্কার, অ্যালিস্টার কুক, স্টিভ ওয়াহ, ক্লাইভ লয়েডসহ ক্রিকেটের আরও অনেক কিংবদন্তি।
চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে। আদালত ইমরান খানকে হাসপাতালে নিয়ে বিশেষ মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা এবং তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন ড. উজমা খানকে বোর্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন। পরিবারকে প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতিও দেওয়ার কথা ছিল।
তবে চিঠিতে অভিযোগ করা হয়েছে, ইমরান খানকে হাসপাতালে রাখা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। আদালতের নির্দেশিত পূর্ণাঙ্গ বোর্ডের পরিবর্তে সরকার নিযুক্ত চিকিৎসক দল তাকে পরীক্ষা করে ‘সম্পূর্ণ সুস্থ’ ঘোষণা করে এবং বোর্ডের কাজ শেষ হওয়ার আগেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক আন্তর্জাতিক অধিনায়কেরা।