ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে জামাল ভুঁইয়াদের বিপক্ষে মাঠে নামতে চায় সেলেসাওরা। তবে ম্যাচটি আয়োজনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিল।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকেই বহন করতে হবে।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানকালে ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এই ব্যয়ের মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের খরচও রয়েছে।
ঢাকা থেকে ব্রাজিল ফেরার সময়ও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত দিয়েছে ব্রাজিল। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বাংলাদেশকে বহন করতে হবে।
তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা অন্য কোনো বাণিজ্যিক অর্থ দিতে হবে কি না, তা নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে ম্যাচ আয়োজনের মোট ব্যয় কত হতে পারে, সেটিও এখনো চূড়ান্ত নয়।