চার বছর ধরে লম্বা সোনালি চুলই ছিল আর্লিং হলান্ডের পরিচয়ের অংশ। তবে নতুন মৌসুম শুরুর আগে সেই চেহারায় বড় পরিবর্তন এনেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। লম্বা চুল কেটে একেবারে ছোট করেছেন তিনি। নতুন এই রূপে হলান্ড খুশি হলেও মন খারাপ হয়েছে তার দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের।
হলান্ডের নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশের পর চুল কাটার পুরো প্রক্রিয়াটিও সামনে আসে। সেখানে কাটা চুল হাতে নিয়ে অবাক হয়ে জোহানসেন বলে ওঠেন, ‘ও মাই গড!’ এরপরই নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমার তো কান্না পাচ্ছে।’
নতুন চেহারা দেখে মজার ছলেই জোহানসেন জানান, সকালে ঘুম থেকে উঠে পাশে হলান্ডকে দেখে হয়তো তাকে চিনতেই কষ্ট হবে। এমনকি মনে হতে পারে, পাশে অন্য কেউ শুয়ে আছে।
তবে সঙ্গীর এমন প্রতিক্রিয়ায় মোটেও বিচলিত নন হলান্ড। বরং নিজের নতুন চেহারা নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। দীর্ঘ সোনালি চুলের বদলে এবার আরও ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে নিজেকে দেখতে চেয়েছেন এই তারকা।
নতুন এই চুলের স্টাইলে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অবশ্য গোল করতে পারেননি আর্লিং হলান্ড। তবে শেষ পর্যন্ত নিজেদের মাঠ ইতিহাদে বোর্নমাউথকে ২-১ গোলে পরাস্ত করেছে সিটিজেনরা।