১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীসেরা গোলের সময় ব্যবহৃত ‘অ্যাডিডাস আজটেকা’ বলটি নিলামে ৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকায় বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ ডালাসে এই নিলামের আয়োজন করে। নিলামের আগে বলটির আনুমানিক দাম অন্তত ১০ মিলিয়ন ডলার ধরা হলেও শেষ পর্যন্ত ৩.৩৫ মিলিয়ন ডলারে হাতবদল হয়।
১৯৮৬ সালের ওই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দেন ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়। মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড় ও গোলরক্ষক পিটার শিলটনকে কাটিয়ে করেন সেই বিখ্যাত গোল।

ম্যাচের পর তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের বলটি স্মারক হিসেবে নিজের কাছে রেখে দেন। প্রায় ৩৬ বছর পর ২০২২ সালে লন্ডনের এক নিলামে বলটি প্রথমবার ২.৩৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
ম্যারাডোনার সেই ম্যাচের ১০ নম্বর জার্সিও ২০২২ সালে সোথবি’স-এর নিলামে প্রায় ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। তবে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বল এটি নয়। ২০২৪ সালে শোহেই ওহতানির ৫০তম হোম রানের বল ৪.৩৯২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়ে।