ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে তারা। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।
বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারা।
ইকবাল বলেন, ‘তারা তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এটা নিতে পারে। আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে। অথবা আমাদের দেশের সঙ্গেও কোনো ম্যাচ খেলতে পারে তারা। তারা এই কথা বলে গেছে।’
৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এর আগে ঢাকায় অনুশীলনের সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ইকবাল।
ব্রাজিলের প্রতিনিধিরা ভারত থেকে ঢাকায় এসে স্টেডিয়াম ঘুরে দেখেছেন এবং রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে। মাঠের বাকি কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা তাদের জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে প্রতিনিধি দলটি।
পরিদর্শনের সময় মাঠের ড্রেনেজ, পানি দেওয়ার ব্যবস্থা ও ঘাসের অবস্থা খুঁটিয়ে দেখার পাশাপাশি মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেন তারা। পরে ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সও ঘুরে দেখেন।
ইকবালের ভাষ্য, বাফুফে সভাপতির সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। তিনি বলেন, ‘এই উইন্ডোতে আসার আগেও হয়তো তাদের চিন্তাভাবনা আছে। তাদের স্পষ্ট করে নাই আজকে। যেহেতু তাদের সঙ্গে হয়তো প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট বসবেন, বসার পর আপনাদের আরও স্পষ্ট করে বলতে পারব।’