ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনেই টেস্ট হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই উঠেছে নানা প্রশ্ন।
তবে সংবাদ সম্মেলনে সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ রসিকতাই করেছেন বাংলাদেশ অধিনায়ক। দুই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় বাকি তিন দিন দলের ক্রিকেটাররা কী করবেন, এমন প্রশ্নে নাজমুলের সংক্ষিপ্ত উত্তর, ‘ঘুমাব, শুয়ে থাকব।’
ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানের বেশি করতে পারেনি তারা। ফলে টেস্ট ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই একশ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা ঘটল বাংলাদেশের।
দলের ব্যাটিং ব্যর্থতার পেছনে কঠিন উইকেটের ভূমিকা দেখছেন নাজমুল। তার ভাষায়, ‘আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। তবে ওরাও যখন ব্যাটিং করেছে, অনেক স্ট্রাগল করেছে। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে।’
তবে উইকেটকে পুরোপুরি দায়ী করতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। নিজেদের ভুলও স্বীকার করেছেন তিনি, ‘হ্যাঁ, কিছু বাজে শট ছিল। আমি কারও ওপরে আঙুল তুলতে চাই না। কারণ, দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি আমার কথা বলতে পারি, আমি সেট হয়ে যে সময় আউট হয়েছি, এটা গ্রহণযোগ্য না। আমার ইনিংসটা আরেকটু লম্বা করা উচিত ছিল।’
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ১০ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার।
স্টার্কের বোলিং ও কঠিন কন্ডিশনের প্রসঙ্গে নাজমুল বলেন, ‘আমি অজুহাত দিচ্ছি না, অনেক দল আছে যারা নিয়মিত খেলে, তারাও এ রকম ধসে পড়ে। আমরা খারাপ খেলেছি, পরিস্থিতি অনেক কঠিন ছিল; কিন্তু খেলোয়াড়েরা সবাই চেষ্টা করেছে। অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম।’