ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ মুহূর্তে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাতে চোট পেয়েছিলেন বাবর। পরে বেকেনহামে কাউন্টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবারও আঘাত পান তিনি। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
লিডসের হেডিংলিতে প্রথম দিনের অনুশীলনে অল্প সময় নেটে থ্রো-ডাউন ও ব্যাটিং করতে দেখা গেছে বাবরকে। তবে ব্যাটিংয়ের সময় তাঁকে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে মনে হয়নি। তিনি না খেললে মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফরের দুজনেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শান মাসুদকে নিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তির খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ মিস করেছিলেন তিনি। তবে হেডিংলিতে পুরো সেশনজুড়ে ভালো ছন্দে ব্যাটিং অনুশীলন করেছেন শান। তাঁকে নিয়ে মেডিকেল টিমের মতামতও ইতিবাচক।
আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। লিডসের হেডিংলিতে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। দ্বিতীয় টেস্ট হবে লর্ডসে ২৭ থেকে ৩১ আগস্ট। আর তৃতীয় টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর।