ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চা বিরতির পর একে একে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছে টাইগাররা।
২ উইকেটে ৫১ রান নিয়ে শেষ সেশনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তখন মার্নাস লাবুশেন ২১ এবং স্টিভ স্মিথ ৮ রানে অপরাজিত ছিলেন। তবে সেশনের তৃতীয় ওভারেই লাবুশেনকে বোল্ড করে জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম।
এরপর স্মিথ ও ক্যামেরন গ্রিন মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ১০৬ বলে ৪৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে সামলে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। কিন্তু সেই প্রতিরোধও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে সাজঘরে ফেরেন স্মিথ। ৮৮ বলের ইনিংসে তিনি মারেন ৫টি চার। স্মিথের বিদায়ে ১২২ রানে ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এর আগে ২২৮ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই স্বাগতিকদের ওপর চেপে বসে বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন হাসান। ওয়েদারাল্ডকে বোল্ড করে ডারউইন টেস্টে দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে দেন এই পেসার।
প্রথম ইনিংসে লিটন দাসের ক্যাচে ২৩ রানে আউট হয়েছিলেন ওয়েদারাল্ড। এবার মাত্র ৩ বল খেলেই ডাক মেরে ফিরতে হয় তাকে। হাসানের বল তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ফলে মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর ট্রাভিস হেডও বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন। তবে তাকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি হাসান। অস্ট্রেলিয়া ৩৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। তিন চারে ৩৫ বলে ১৭ রান করা হেডও বোল্ড হন। ওয়েদারাল্ডের মতোই হাসানের বল তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়।