অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। তার বোলিং তোপে দুইশ’র আগেই গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।
দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং ও প্রস্তুতি নিয়ে হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।’
এর মধ্যে স্টিভ স্মিথের উইকেটটাকেই একটু বেশি বিশেষ মনে হয়েছে হাসানের। তিনি বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার করি আর সে সেটা মিস করে।’
বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডকেও বড় হওয়ার আগেই ফিরিয়ে দেন হাসান। মাঠেই তার বোলিংয়ের প্রশংসা করেছেন হেড। এ প্রসঙ্গে হাসান বলেন, ‘ট্রাভিস হেড আমাকে বলেছে ভালো বোলিং।’
সাফল্যের পেছনে সতীর্থ তাসকিন ও এবাদতের অবদানও তুলে ধরেছেন হাসান। তিনি বলেন, ভভালো অনুশীলন করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে তারা খুবই সাহায্য করেছে, বিশেষ করে তাসকিন এবং ইবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।’
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন পারফরম্যান্সের পেছনে কঠোর প্রস্তুতিকেই বড় কারণ মনে করেন হাসান। তার ভাষায়, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আর আমি মনে করি যে, আমরা অনেক অনুশীলন করেছি এবং প্রস্তুতি হিসেবে বলব যে খুবই ভালো প্রস্তুতি ছিল।’