দুই দশক আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল একটাই, ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে বদলেছে অনেক কিছু, কমেছে দুই দলের শক্তির ব্যবধানও। তাই এবার তাসমান পাড়ে পা রাখার আগে লক্ষ্যটা ছিল আরও বড়; জয়। সেই স্বপ্ন যে শুধু কথার কথা নয়, ডারউইন টেস্টের প্রথম দিনেই তার জবাব দিয়েছে বাংলাদেশ। অজিদের ঘরের মাঠে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে টাইগাররা।
প্রথম দিন শেষে এক উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৯ উইকেট। এর আগে হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন হাসানের; মাত্র ৫৫ রানে ৬ উইকেট।
ব্যাট হাতে শুরুটা ভালো করেছিলেন সাদমান ইসলাম ও তানজিদ তামিম। অজি পেসারদের সুইং-বাউন্স সামলে সাবলীলই ছিলেন দুজন। তবে নবম ওভারে মিচেল স্টার্কের বলে ৩০ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাদমান। ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।
এরপর মুমিনুল হক আর তানজিদ তামিম মিলে সামলেছেন চাপ। মুমিনুল খেলেছেন দারুণ আত্মবিশ্বাসী ইনিংস। বাজে বল থেকে রান বের করার পাশাপাশি রক্ষণেও ছিলেন দৃঢ়। ৪৯ বলে ৩৫ রান করে অপরাজিত আছেন তিনি।
তবে দিনের বড় প্রাপ্তি তানজিদ তামিমের ব্যাটিং। টেস্টে এখনও নতুন এই ওপেনার আজ দেখিয়েছেন অসাধারণ ধৈর্য। অফ স্টাম্পের বাইরের বল নিয়ে ছিলেন সতর্ক, টিজিং জোনের বলেও শট খেলার লোভ সামলেছেন। দিন শেষে ৬৭ বলে ৩২ রানে অপরাজিত তিনি।
আর বল হাতে বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ঝড় বইয়ে দিয়েছে। হাসান মাহমুদ একাই নিয়েছেন ৬ উইকেট, সঙ্গে এবাদত হোসেনদের তোপে দাঁড়াতেই পারেনি অজিরা। ২০০ রানের আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। এরপর দিনের আলো শেষ হওয়ার আগে মাত্র এক উইকেট হারিয়ে ৯৬ রান। ডারউইনে বাংলাদেশের জন্য এর চেয়ে স্বপ্নের শুরু আর কী হতে পারে!