ব্রাজিলিয়ান ফুটবলসম্রাট পেলের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে কি এবার পাড়ি জমাচ্ছেন শমিত সোম? নির্ভরযোগ্য সূত্রের খবর, কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ২৭ বছর বয়সী মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব কসমসের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন শমিত। তবে শমিত কিংবা নিউ ইয়র্ক কসমস কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গুঞ্জন সত্যি হলে এটি হবে শমিতের ক্যারিয়ারে দারুণ এক নতুন অধ্যায়।
নিউ ইয়র্ক কসমসের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের সোনালি স্মৃতি। সত্তরের দশকে এই ক্লাবের জার্সিতেই মাঠ মাতিয়েছেন ফুটবলের রাজা পেলে ও জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলেছেন পেলে। একই সময়ে ক্লাবটির হয়ে খেলেছেন বেকেনবাওয়ারও। এবার সেই কিংবদন্তিদের স্মৃতিবিজড়িত ক্লাবেই দেখা যেতে পারে বাংলাদেশের শমিতকে।
আন্তর্জাতিক ফুটবলে শমিতের পথচলা অবশ্য শুরু হয়েছিল কানাডার হয়ে। কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পান তিনি। এরপর পিতৃভূমির টানে লাল-সবুজের জার্সি বেছে নেন এই মিডফিল্ডার।
২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে অভিষেক হয় শমিতের। জাতীয় দলের হয়ে প্রথম গোল পেতেও বেশি সময় লাগেনি। অভিষেকের চার মাসের মধ্যেই হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যাওয়া রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি।