বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এক মৌসুমের জন্য দলে টানার চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, চুক্তিতে পরের মৌসুমে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে আরাউহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এই মৌসুমে আরাউহোর বেতন দেবে লিভারপুল। দলবদলটি সহজ করতে নিজের বেতনও কিছুটা কমিয়েছেন উরুগুয়ের এই ডিফেন্ডার। তবে তাকে ধারে আনতে কোনো ফি দিতে হয়নি লিভারপুলকে।
গত দুই মৌসুমে বার্সেলোনার একাদশে নিয়মিত জায়গা ধরে রাখতে পারেননি ২৭ বছর বয়সী আরাউহো। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৬ ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিনের কাছে জায়গা হারিয়েছিলেন এই উরুগুইয়ান।
নতুন ঠিকানায় গিয়ে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার প্রত্যাশা করছেন আরাউহো। লিভারপুলে ৩৩ নম্বর জার্সি পরবেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়ে আরাউহো বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’