রিয়াল মাদ্রিদে এনদ্রিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া শঙ্কা আপাতত কাটছে। আরেক দফা ধারে পাঠানোর গুঞ্জন থাকলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই স্প্যানিশ জায়ান্টদের। বরং নতুন মৌসুমে ২০ বছর বয়সী এই তারকাকে নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রাখতে চায় লস ব্লাংকোসরা।
পরিস্থিতি বদলানোর পেছনে বড় কারণ নতুন কোচ হোসে মরিনহোর আস্থা কিংবা বিশ্বাস। অনুশীলনে এনদ্রিকের পারফরম্যান্সে সন্তুষ্ট এই পর্তুগিজ কোচ তাকে মূল স্ট্রাইকারের পাশাপাশি প্রয়োজনে ডান উইংয়েও ব্যবহার করতে চান। ক্লাবের বিশ্বাস, এবারই রিয়ালের জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেতে পারেন তরুণ ফরোয়ার্ড।
এনদ্রিককে নিয়ে ধারের আলোচনা থাকলেও আপাতত সেটি উড়িয়ে দিয়েছে রিয়াল। বরং নতুন মৌসুমে তাকে ৯ নম্বর জার্সি দেওয়াও ক্লাবের পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। তবে আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, আরদা গুলার ও ব্রাহিম দিয়াজদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে।
গত জানুয়ারিতে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে ফ্রান্সের লিওঁতে ধারে গিয়েছিলেন এনদ্রিক। সেখানে ২১ ম্যাচে ১৯টি শুরু করে ৮ গোলের পাশাপাশি ৭টি গোলে সহায়তা করেন তিনি। সেই পারফরম্যান্সই এখন রিয়ালের আস্থার বড় কারণ।
২০২৪ সালে প্রায় ৭ কোটি ২০ লাখ ইউরোতে পালমেইরাস থেকে রিয়ালে আসার পর পথটা অবশ্য সহজ ছিল না এনদ্রিকের। প্রথম মৌসুমে ৩৭ ম্যাচ খেলেও শুরুর একাদশে ছিলেন মাত্র ৮ বার। এরপর সুযোগ আরও কমে যাওয়ায় ধারে যেতে হয়েছিল তাকে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদ্রিদে নিজের জায়গা পাকাপোক্ত করার লড়াইয়ে নামতে চান ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।