আক্রমণভাগ শক্তিশালী করতে হুলিয়ান আলভারেজকেই এখনো বার্সেলোনার প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তার দলবদল সহজ হবে না বুঝতে পেরে বিকল্প হিসেবে আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজকে বিবেচনায় রাখছে কাতালান ক্লাবটি।
এল দেসমারকের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী আলভারেজকে আগামী কয়েক বছরের জন্য আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার আদর্শ খেলোয়াড় মনে করছে বার্সেলোনা। তবে তার চুক্তি ও অ্যাতলেতিকোর আর্থিক দাবির কারণে সম্ভাব্য দলবদল জটিল হয়ে উঠতে পারে। তাই ২৮ বছর বয়সী লাউতারোকে বিকল্প হিসেবে পছন্দের তালিকায় রেখেছেন ক্রীড়া পরিচালক ডেকো ও কোচ হান্সি ফ্লিক।
বার্সেলোনার কাছে লাউতারো অবশ্য নতুন কোনো নাম নন। অতীতেও কাতালান ক্লাবটির নজরে ছিলেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের সঙ্গে সমন্বয়, আক্রমণ তৈরিতে অংশ নেওয়া এবং বক্সে নিয়মিত হুমকি তৈরি করার সক্ষমতার কারণে ফ্লিকের কৌশলেও তাকে কার্যকর মনে করছে বার্সেলোনা।
তবে এখনো লাউতারোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি বার্সেলোনা। আলভারেজকে পাওয়ার চেষ্টা ব্যর্থ হলে তবেই তার দিকে এগোতে পারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
লাউতারোকে পাওয়ার পথও সহজ নয়। ২০২৪ সালে ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। বেতনও বাড়ানো হয়েছে। ফলে আলভারেজের পথ বন্ধ হলে লাউতারোকে পেতে বার্সেলোনাকে আরও কঠিন লড়াইয়ে নামতে হতে পারে।