বাবা হোর্হে মেসিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। শেষকৃত্য শেষে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতেই আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার রাতে আর্জেন্টিনায় পৌঁছানোর পর পরিবারের সঙ্গে ছিলেন মেসি। রোববার রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন ছাড়া কাউকেই উপস্থিত থাকতে দেওয়া হয়নি।
শেষ বিদায়ের পর দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি লিওনেল মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। রোববার মেসিদের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন ছড়ালেও তাদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত খালি অবস্থায় উড়ে যায়। পরে মেসি ও তার পরিবারের গাড়িবহর রোসারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।
মেসির পরিবারের এই কঠিন সময়ে স্থানীয়রাও তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়েছেন। সমাধিক্ষেত্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফের পাঠানো ফুলের তোড়া ছিল। এক ভক্ত মেসির পরিবারের গাড়ি ঢোকার সময় চিৎকার করে বলেন, ‘শক্ত থাকুন, লিও।’ প্রবেশপথে টাঙানো ব্যানারেও ছিল একই বার্তা।
হোর্হে মেসি বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। ছেলের ফুটবল ক্যারিয়ারে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই মেসির স্বপ্নের পাশে থাকা সেই বাবাকে হারিয়ে তাই গভীর শোকে আর্জেন্টাইন মহাতারকা ও তার পরিবার।