একদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে ইতিবাচক পথে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস জুনিয়রের অদ্ভুত এক সিদ্ধান্ত। ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি, বায়ো এবং প্রোফাইল ছবি সরিয়ে দিয়ে ব্রাজিলিয়ান এই তারকা যেন তৈরি করেছেন নতুন এক রহস্য।
ফুটবলারদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের এমন পরিবর্তন নতুন কিছু নয়। অনেকেই ব্যক্তিগত বা পেশাগত কারণে পুরোনো পোস্ট মুছে ফেলেন। তবে দলবদলের বাজারে এমন পদক্ষেপ অনেক সময় বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবেও দেখা হয়। আর ভিনির মতো বিশ্বমানের তারকার ক্ষেত্রে তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা।
রিয়াল মাদ্রিদ অবশ্য এখনো আশাবাদী। ব্রাজিলিয়ান উইঙ্গারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে ধরে রাখতে স্প্যানিশ ক্লাবটি বছরে প্রায় ১ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। আগামী বছরের জুনে শেষ হবে ভিনির বর্তমান চুক্তি। গত বছরের শুরু থেকেই চলছে নতুন চুক্তির আলোচনা।
দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেওয়া হোসে মরিনহোর পরিকল্পনায় ভিনিসিয়ুসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বড় শিরোপার খরা থাকলেও দলের অন্যতম সেরা তারকাকে হারানোর ঝুঁকি নিতে চায় না মাদ্রিদের ক্লাবটি।
তবে ইনস্টাগ্রামের এই রহস্য আরও বাড়িয়েছে ভিনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। প্রায় ৬ কোটি ৪০ লাখ অনুসারীর অ্যাকাউন্ট থেকে রিয়ালের জার্সিতে থাকা সব স্মৃতি, ব্যক্তিগত ছবি—সবই সরিয়ে ফেলেছেন তিনি। কেন এমন সিদ্ধান্ত, তার কোনো ব্যাখ্যা অবশ্য দেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই সুযোগে নজর রাখছে আর্সেনালও। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ভিনিসিয়ুসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চুক্তি নবায়ন ব্যর্থ হলে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে মিকেল আর্তেতার দল।
তবে সব গুঞ্জনের মাঝেও ভিনি এখন রিয়ালের সঙ্গেই আছেন। প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দিয়ে মরিনহোর অধীনে অনুশীলনও শুরু করেছেন তিনি। এখন প্রশ্ন একটাই, ইনস্টাগ্রামের এই নীরবতা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি সামনে আসছে ফুটবল বিশ্বের বড় কোনো চমক?