নেইমারের জাদুতে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে কুকার দল।
ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগের লড়াই ছিল আরও গুরুত্বপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তোস। প্রথমার্ধে রেমোর ডিফেন্ডার মার্লনের লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সান্তোসের হাতে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নেমেই নিজের প্রভাব দেখান ব্রাজিলিয়ান তারকা। তার দুর্দান্ত পাস থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন রনি।
ঘরের মাঠে এমন গুরুত্বপূর্ণ গোল করে আবেগ ধরে রাখতে পারেননি রনি। ম্যাচ শেষে তিনি নেইমারের কাছ থেকে অ্যাসিস্ট পাওয়াকে নিজের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
এই জয়ের মাধ্যমে শুধু কোয়ার্টার ফাইনাল নয়, সান্তোস নিশ্চিত করেছে ৪ মিলিয়ন রিয়াল প্রাইজমানিও। ড্রয়ের মাধ্যমে নির্ধারণ হবে তাদের পরবর্তী প্রতিপক্ষ।