২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার নতুন প্রজন্ম নিয়ে দল সাজানোর পরিকল্পনায় মন দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপ শেষ হওয়ার ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, দলে বড় পরিবর্তনের সময় এসেছে। বিশেষ করে তিন অভিজ্ঞ ফুটবলার নেইমার, দানিলো ও কাসেমিরোর জাতীয় দলে অধ্যায় শেষ বলে মনে করছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো; বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।’
এর মধ্যে নেইমার ইতোমধ্যেই জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে দানিলো ও কাসেমিরো অবসর না নিলেও ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের আর বিবেচনা করবেন না বলে স্পষ্ট করেছেন ব্রাজিল কোচ।
নতুন দল গড়ার ক্ষেত্রে আনচেলত্তির প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করব, যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে।’
তবে পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষে নন এই ইতালিয়ান কোচ। তার মতে, অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় নতুনদের পথ দেখানোর জন্য দলে থাকবেন। মারকিনিওসের মতো ফুটবলারদের গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি।
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের কারণ নিয়েও আত্মসমালোচনা করেছেন আনচেলত্তি। তিনি স্বীকার করেন, ম্যাচ চলাকালে কৌশলগত পরিবর্তন দলের নিয়ন্ত্রণ হারানোর অন্যতম কারণ ছিল।
ব্রাজিলের খেলার ধরন নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ভিনিসিউস, এনড্রিক, এস্তেভাও ও রাফিনিয়ার মতো আক্রমণভাগের খেলোয়াড়দের কাজে লাগিয়ে আরও দ্রুতগতির ফুটবল খেলতে চান আনচেলত্তি।
এ ছাড়া গোলকিপার পজিশনেও নতুন মুখ খুঁজছেন ব্রাজিল কোচ। আলিসন ও এডারসনের অভিজ্ঞতাকে সম্মান করলেও ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভাদের যাচাই করার পরিকল্পনা রয়েছে তার।