শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে ‘অশিক্ষকসুলভ আচরণ’ এবং ‘নৈতিক স্খলনজনিত অপরাধের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগে আরও দুই শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অপর দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং একই বিভাগের অধ্যাপক আফরোজা শেলী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একজন শিক্ষককে বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি এবং আরও তিন শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন—ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার) এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বা বরখাস্ত ও অব্যাহতির মেয়াদ সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।