১৯৫৮ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের হয়ে পরা কিংবদন্তি পেলের জার্সি নিলামে ৪৮ লাখ ৮৮ হাজার মার্কিন ডলারে (৪.৮৮ মিলিয়ন) বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সোথেবিজের নিলামে বিক্রি হওয়া এই জার্সিটি পেলের স্মারক হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া সংগ্রহযোগ্য সামগ্রী।
এর আগে, ২০২২ সালে পেলের ১৯৫৮ সালের রুকি কার্ড ব্যক্তিগতভাবে ১৩ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা ছিল ফুটবলের প্রথম মিলিয়ন ডলারের সংগ্রহযোগ্য কার্ড।
১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সে ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দুটি গোল করেন। এখনো বিশ্বকাপ ফাইনালে খেলা ও গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার তিনিই।
ফাইনালের পর পেলে জার্সিটি সতীর্থ দিদাকে উপহার দেন। পরে দিদা সেটি রিও ডি জেনেইরোর মিউজু দোস এসপোর্তেসে দান করেন। ২০০৪ সালে ক্রিস্টিজের নিলামে জার্সিটি সর্বশেষ এক লাখ পাঁচ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছিল।
সোথেবিজের স্পোর্টস স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ব্রেন্ডান হকস জানান, এই জার্সিটি শুধু ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারকই নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনে পেলেকে আইকনে পরিণত করার সেই মুহূর্তের সঙ্গেও সরাসরি যুক্ত।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী এই জার্সিটি এখন ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া জার্সি। তালিকার শীর্ষে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার পরা বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সি, যা ৯.২৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
একই নিলামে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পড়ে অধিনায়কের আর্মব্যান্ড ৫ লাখ ১২ হাজার ডলারে বিক্রি হয়েছে। এটি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে ব্যবহৃত হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছে।
তথ্যসূত্র: ইসপিএন