বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি। নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে আনসার কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার সদস্যদের কিছু বক্তব্য ‘কাটছাঁট ও বিকৃত’ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এসব প্রচারণার কারণে মাঠপর্যায়ে সদস্যদের দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করা হয়।
আনসার বাহিনীর ভাষ্য, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব বাহিনীটিকে দিয়েছে। এ ছাড়া একটি পডকাস্টে বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতার প্রশংসা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাটোরের বাগাতিপাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বাহিনীটির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত স্থানে এক ব্যক্তি নিয়ম না মেনে মোটরসাইকেল রাখেন। দায়িত্বে থাকা আনসার সদস্য তাকে নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখার কথা বললেও তিনি তা না মেনে চলে যান।
পরে ওই ব্যক্তি ফিরে এলে মোটরসাইকেল রাখার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যকে হুমকি দেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের সতর্কবার্তার পর ওই ব্যক্তি আনসার সদস্যদের কাছে ক্ষমা চান এবং বিষয়টির সমাধান হয় বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দেশের ৫০০টি উপজেলায় ৫ হাজার আনসার সদস্য হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। তবে এসব দায়িত্বের কারণে ‘চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও দালাল চক্র’ ক্ষুব্ধ হয়ে আনসার বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।
তবে বিজ্ঞপ্তিতে এ অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা চক্রের নাম কিংবা প্রমাণ উল্লেখ করা হয়নি।
আনসার বাহিনী বলছে, সদস্যদের বক্তব্য বিকৃত করে মূল ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচারণা জনগণের আস্থা ও বাহিনীর দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারেনি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।